ওই যে মেয়েটি, মুখ ভার করে বসা
যার কালো মুখটা আলোহীন
পাকা তালের মতো -
যেন, যখন তখন বৃষ্টি নামলো বুঝি !
এই মেয়েটিকেই ভালোবাসি আমি।
এই যে মুখের শব্দ কেড়ে নিয়েছে
মনের ভেতর ঝড়
একটু আগেই হাত-পা ছুড়ে
তুফান তুলেছিলেন,
তার বুকের মধ্যে মেঘ থাকলেও
মনে অগাধ ভালোবাসা।
আমি ঝড়ের বেগে বিধ্বস্ত হই, তবুও -
ওকেই ভালোবাসি, কারণ -
এই ঝড় আর বৃষ্টি আছে তাই
আমি এখনও সবুজ সতেজ আছি !
Comments
Post a Comment