তারপর পথ যেখানে থামলো
সেখান থেকেই আমার প্রথম যাত্রা শুরু।
আমি কালনেমির অভিশপ্ত পুত্র
দ্বাপরে দেবকী সন্তান -
জন্মের পর মূহুর্তে পিতৃহস্তে কারাগারে
নিহত হয়েছিলাম, তবু মুক্ত হইনি আজো !
পিতা ছিলেন মহর্ষি মরীচি, মাতা মনিষী ঊর্ণা।
একবার কামাতুর ব্রহ্মা, যিনি পিতামহ বটে
নিজ কন্যায় মোহিত, ছুটছিলেন পিছু পিছু।
আমি তাই দেখে হেসেছি শুধু, সেই অপরাধে
অসুর যোনীতে জন্ম, কালনেমী পিতা।
নিজ কন্যায় কামাতুর দৃষ্টি অপরাধ নয়
হাসিটাই অপরাধ ছিল, দূর্ভাগ্য আমার,
আমি সেই থেকে মরীচি নন্দন,
অভিশপ্ত কালনেমী পুত্র
পুণরায় অভিশাপে জন্মান্তরে দেবকী সন্তান।
জন্ম জন্মান্তর অভিশাপ বয়ে বেড়াই
বিনা অপরাধে !
আমি পথের শেষে পথ গড়ি
প্রতিবাদে ভাঙ্গি শৃঙ্খল
শিরদাঁড়া টান রেখে বলি কথা তাই -
কালোমেঘ, ঘনঘটা এত হিন্দোল ।
আমি 'হংস', বিবেকের বাণী শুনি, ক্রোধে 'ক্রোধহন্তা'
আমি ষড়রিপু জয়ী 'রিপুরমর্দন'
বিক্রমে 'ক্রথ' কিংবা 'সুবিক্রম' যথা ।
আমি যেখানে অপরাধ, অন্যায়, ব্যাভিচার
প্রতিবাদে ঝলসে উঠি, তাই -
প্রতিবার হই অভিশপ্ত
কখনো পিতা, পিতামহ কিংবা রাষ্ট্রপিতার !
আমি যে কালনেমির অভিশপ্ত সন্তান!
Comments
Post a Comment