পাশের ঘর

এই ঘরটি "না-পসন্দ" আমার।
এই ঘরের রঙ, আলমারি, আলনা, আরশি- সাড়ে তিন বাই ছয় ফুটের খাট
আমার একেবারেই পছন্দ নয় ।

এই একটি ঘরেই, 
একটি একটি করে বাহাত্তরটি বছর-
শরীরের চামড়ার সাথে ঘরের কুঁচকানো রঙ -
সর্দি কাশি আর নিত্যসঙ্গী নানাবিধ ব্যাধি -
একটিকে ঘর ছাড়া করি তো দশটা
ফোঁকর খুঁজে ঠিক চলে আসে।
আমার আর ভালো লাগে না !

হালে আমি শুনতে পাই পাশের ঘরেতেই 
বাবা মাকে ডেকে চা এক কাপ চাইছেন -
মায়ের আঁচলের গন্ধ, ঠিক দুপুরে 
সবাই যখন ভাত ঘুমেতে ব্যস্ত -
ঠিক বুঝতে পারি, মা জানালায় দাঁড়িয়ে। ইচ্ছে করে মায়ের হাতটা একটু কপালে ছোঁয়াই ।
পাশে যিনি, আমার ঠাম্মা। দেখিনি 
তবে ছোটবেলায় ছবি দেখেছিলাম।
আছেন চকলেট কাকু, আর সন্দেশ দিদিমা।
আমার খুব ইচ্ছে করে এইবার ওই ঘরে যাই।
ওদের পাশে বসি, না হয় ওদের সাথেই থাকি-
কতদিন মায়ের কোলে শোয়া হয়নি আমার!

Comments