ভালোবাসবে তাই, ভালোবাসিনি তোমায়,
ভালো লেগেছে, তাই বেসেছি
কোন কারণ ছাড়াই!
হাত ধরবে আশায় হাত বাড়াইনি কোনদিন
ভয় হতো, এই যে দেখা, বুঝি হাত ছাড়া হয়!
চলার পথে পথ আটকে বলেছি কি -
'চল এইবার হয়ে যাক এক কাপ কফি -'
তারচেয়ে দূর থেকে সারাদিনে একঝলক দেখা,
মুখোমুখি দেখা হলে একটু হাসি, শুধু স্বীকৃতি,
এই নিয়েই ভালোবাসার জগৎ গড়েছি !
গাজনের মেলা আমায় টানেনি কোনদিন
তুমি নিয়ম করে প্রতি বছর যাও, তাই
বাড়ি না গিয়ে গেটে দাঁড়িয়ে থাকি -
তুমি হাত ধরে চলে যাও চোখের উঠান দিয়ে
আমি দেখি আর মনে মনে সুখটাকে তাতাই।
পাওয়া না পাওয়ার মহাজনী অঙ্ক টেনে টেনে
জীবনটাকে জটিল করে লাভ কি বল আমার?
তুমি ভালো আছো, শরতের মেঘের মতো
এইটাই বা কম কিসে, পরম প্রাপ্তি যে !
Comments
Post a Comment