যুদ্ধ শুধু দেশে দেশে হয় না,
যুদ্ধটা তোমার আমার মধ্যেও।
তোমার কথা বলা, রুচি, চাটুকার প্রবৃত্তি,
শুধুমাত্র প্রীতিভাজন হতে অসত্য ভাষণ-
আমার একেবারেই না পসন্দ।
যুদ্ধটা তোমার আমার মধ্যেই অধিক !

যুদ্ধ শুধু তোমার আর আমার মধ্যে নয়
আমার নিজের মধ্যে দুটো সত্তার লড়াই-
ভেজা বারুদের মতো হঠাৎ জ্বলে ওঠা,
আবার কারণ ছাড়াই মিইয়ে পড়া রোগ-
ভেতরে ভেতরে মিসাইল যুদ্ধ হয়।
যুদ্ধ শুধু তোমার আর আমার মধ্যে নয়- 
নিজের ভেতর লড়াই করেই ক্লান্ত !

তোমাকে একটা কথা বলি -
কোথাও বলে কয়ে মাঝে মাঝেই 
হাজার বারশো ছড়িয়ে দিলে পারো।
কিংবা হাত ছুঁয়ে বা সেলফি তোলার সুযোগ -
আর বিপদ বুঝলে স্বপ্ন দেখার সূত্র -
তোমাকে দিলাম "শয়তানের জাদুকাঠি" 
দেখবে,যুদ্ধ তখন যুদ্ধ থাকে না, 
          যাত্রাপালার সঙ !



Comments