চোখ তুলে চাই না, এত আলো চোখে সয় না।
হাত পেতে চাই না, কারণ ভিখারিকে ঘৃণা করে সবাই।
মুঠি যদি শক্ত করি, জানি মাটি ফেটে যাবে ;
তবু ভয়, কী জানি তার আগেই ঘর না ভেঙে যায়।

আমাদের বস্তি ঘরে একটাই আলো জ্বলে 
একটা ঘরে কয়টি আলো প্রয়োজন?
মধ্যরাতে অন্ধকারে চোখ খুলি না, কেন জানো ?
মায়ের জন্য ভীষণ কষ্ট হয়।

এই চওড়া বুকটা তোমার চোখ টানছে খুব ? 
তুমি জানো না, এই বুকেতেই ছত্রিশখানা ঘা
আমরা স্বপ্ন দেখি, তাও তালি মারা -
বাতিল করা স্বপ্ন দিয়েই আকাশ সাজাতে হয়
করবটা কী, কম্প্রোমাইজটা পান্তা ভাতের মতো 
ওইটা ছাড়া সকাল হয় না যে !

আমার এই সুঠাম শরীরের ভিতর 
একটা কুঁকড়ে যাওয়া মানুষ -
যতই তাতাও "কুত্তার লেজ, সোজা হবে না", 
তারপরও যদি ভালো লাগে, পালাইতে পারবা?
বাজনা বাজাইয়া ঘরে আনবো, বিলাসিতা হইবো ।




Comments