নারী

শতাব্দীর নীরবতা পেরিয়ে
তুমি প্রথম গেয়েছিলে জীবনের গান।
তোমার অভিমান আর ভালোবাসা—
পদ্মপাতায় জলের মতো সুস্পষ্ট।

তুমি কি জানো,তোমার হাঁটার শব্দে ভোর হয় ?
অন্ধকার লজ্জা ঢাকে চাঁদের আঁচলে -
চলার ছন্দে মুহুর্মুহু বদলে যায় মানচিত্র !
যখন মাথা তোলো—
আকাশ নিজের উচ্চতা মাপে নতুন করে !

তোমার পায়ে, অদৃশ্য শেকল ভাঙার প্রত্যয় ।
চোখে আগুন—অন্যায়, অবহেলা আর নীরবতার বিরুদ্ধে,
অশ্রুতে দাঁড়াবার দৃঢ়তা।
তুমিই ঈশ্বরের শ্রেষ্ঠতম সৃষ্টি !
যদি ফিরে দাঁড়াও—ইতিহাস সোজা হয়ে বসে,
আর আকাশ বুঝে যায়—
এবার সমান হতে শিখতে হবে তাকে।

Comments