তুমি যে বলেছিল আবার দেখা হবে 
                - সেটা কবে ?
সময়ের সঙ্গে সঙ্গে পাথর গড়িয়ে নিচে 
আমি এখন বয়ঃসন্ধি ছেড়ে 
যৌবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে ।
কাশফুলদের স্বাক্ষী রেখে বলেছিলে,
চন্দ্র সূর্য মিথ্যে হতে পারে 
                     দেখা আমাদের হবেই ।
কাশফুলেরা পুনর্জন্ম নিতে নিতে ক্লান্ত।
আমি জানতে চাই, সেই দিনটি কবে ?

লোকে বলে আমি বাবার বাড়ি ছেড়ে 
                                  পতির আলয়ে ।
পতির আলয় না ছাই, পতিতালয় ।
ফারাক শুধু একটাই, ওখানে টাকার বিনিময়ে 
             এখানে পেটে ভাতে !

যে লোকটাকে আজ অবধি মন দিলাম না 
প্রতি রাতে যে আমাকে নিজের স্বার্থে 
                                  ব্যবহার করলো
আমার সুখ চাইলে না 
লোকে তাকে যাই বলুক, আমি বর মানি না।

যদি বল, পরজন্মে দেখা হচ্ছে নিশ্চয়ই 
যদি এই জন্মে সাহস করে বলতে না পারো,
           -"ভালবাসি তোমায় !" 
তবে থাক, তোমার মতো কাপুরুষকে নিয়ে 
            আমি অন্ততঃ স্বপ্ন দেখি না ।


Comments