জবাব

কেউ যদি জিজ্ঞেস করে— “তুই আমার কে হোস্?” কী বলি বল?
বোন তো নোস্, বান্ধবী? নাঃ, তাও না— তবে?

মনে পড়ে, সেই যে একবার তোকে পৌঁছে দিতে আমি তোর দোরগোড়ায়— অন্ধকার রাত, অস্পষ্ট সব। তবু তোর মা দূর থেকে দেখে হাঁক দিলেন— “কে রে তোর সাথে?”

আমি মুহূর্তে হাওয়া!
পরে জেনেছিলাম, অভিমানে সেদিন রাতে হয়নি তোর খাওয়া।

আমার তো বাউন্ডুলে জীবন— চাল বাঁধতেই চাল ফুরায়। তোর বিয়েতে সবাই আমন্ত্রিত, শুধু আমি বাদ।
কার্ডটা হাতে দিয়ে, বলেছিলি— “কথা দে, আমি বললেও নয়, কোত্থাও না— বাড়িতেই থাকিস, কথা দে।”

আমি সেই থেকে আজ অবধি ঘরটাকে সচেতনেই সাজিয়ে রাখি।

এখন জীবনটাই মোহনায় দাঁড়িয়ে। চাইলেই ছুটে যাই— সে সাধ্যি নেই।

ভয় হয়, যদি কেউ জিজ্ঞেস করে— “কে হয় তোমার?”
কী জবাব দিই? বলতে পারিস?

Comments