তুমি ভাবছো দু'কোদাল মাটি খুঁড়লেই
বাগান হয়ে যাবে?
অসম্ভব!
পাশের বাড়িতে থাকলেই
ভাল পড়শি হওয়া যায় না।

পৃথিবীর কোণে কোণে
যত ফুল প্রতিদিন ফোটে,
সব ফুল কি নিত্য-পূজায় লাগে?
অগুনতি শব্দব্রহ্ম সৃষ্টি হয় প্রতিনিয়ত—
তবু না-বলা কথারাই বুকে বাজে বেশি।

তুমি ভাবছো, তুমি বললেই
পাল্টে যাবে দেশ!
দেশ চলে দশে—
আর দশ?
সে চলে তার নিজ নিজ স্বার্থে।
তুমি ভাবছো তোমার কথা, না বন্ধু না।

তুমি বললেই যুদ্ধ বাঁধে না,
যুদ্ধ বাঁধে
স্বার্থে ঘা লাগলেই।
যারা আজ তোমার প্রশংসায় পঞ্চমুখ,
ভুলে যেও না—
তারাই একদিন
তোমার নামে মুর্দাবাদ দিয়েছিল!
কে বলে, মানুষের চরিত্র গিরগিটির মতো, 
মোটেই নয়
গিরগিটি অন্তত
রং বদলানোর কারণ বলতে পারে।

তুমি ভাবছো,
তোমার জন্য লক্ষ মানুষের জোয়ার—
জোয়ার আসে চাকার পরে চড়ে!
চাকার তেল কোথা থেকে আসে -
তোমার চেয়ে কে জানে ভালো?

এই যে দেশটা—
রন্ধ্রে রন্ধ্রে তার ঘা,
একটু চাপ দিলেই
পুঁজের সঙ্গে বেরিয়ে আসে
দুর্গন্ধের ইতিহাস।
দুর্নীতি এমন এক মাত্রায় পৌঁছেছে—
গোড়া থেকে ডগা,
ডগা থেকে শিকড়—
সবখানেই কাটমানির গল্প।
শরীরের শেষ রক্তবিন্দু
ধুয়ে-মুছে ফেললেও
নাড়ির ভেতর থেকে
এই বিষ নামানো প্রায় অসম্ভব!

আসলে রাজা,
তোমার গোটা বাঁশটাতেই ঘুণ ধরেছে।
কোথায় কাটলে
বাঁশটা বাঁচবে—
সেটাও তুমি জানো না।
আর ভয়টা সেখানেই—
বাঁশটি ঘুণে খাওয়া, করাত জুড়ে মরচে -
তোমার জন্য কষ্ট হয় রাজা !
।

Comments