কথা ছিল দু'জনাতে থাকব
                    এক ছাদ তলে
দু'টো মন এক হয়ে ছাদনাতলে ।
জীবনের পথ যদি দুটি ভাগ হয়
মোড় ফিরে আসতেই মিলব দু'জনে--
এমনটাই কথা ছিল এইতো সেদিনও ! 

জীবনের পথ জুড়ে যত ঘাম, ক্লেদ
ভালবাসা-পারফিউমে, হেসে মেনে নেব।
কাঁটা গাছ ঝোপঝাড়ে বিক্ষত পা -
তবুও হাত ধরে দুজনে, পাশাপাশি চলবো -
দু'জনার কেউই কথা রাখিনি।

একদিন মোবাইলে ছোট্ট ম্যাসেজ -

"যদি পারো, ক্ষমা করে দিও 
             -ইতি তোমারই।" 

  সেই শেষ।
কৌটোটা খুলে দেখি--
 নেই কিছু, সব নিঃশেষ ।
ভালোবাসা বাসা ছেড়ে 
রঙহীন হাওয়া।

মাঝে মাঝে মনে হয়, সত্যিই কি তাই?
তবে কি সবটা এতটাই ঠুনকো, 
আমি মানি না।

এখনও ক্লান্ত যখন, 
দিনান্তে বসি নিজ বারান্দায় 
দূর আকাশে জ্বলে উজ্জ্বল শুকতারা 
তাকে আমি ডেকে বলি, 

দূর কিংবা পাশে 
কিবা যায় আসে 
আমি তো তোমারই আছি, 
মন বলে তাই ! 

Comments