তুমি আর এসো না সূর্যতপা

কাল রাতে, স্বপ্নেতে তুমি হঠাৎ উপস্থিত।
তুমি এলে, কপালে হাত ছুয়ে বললে,
এখন কেমন আছো ? আমি অবাক!
চোখ দুটো খুলে শুধু বললাম -
এতদিনে মনে পড়লো বুঝি !

আশ্বিনের সেই শিশির ভেজা সকাল, এখন অতীত।
কাশফুলেরা পিচ গলা রোদে ক্লান্ত -
মনে পড়ে একটা একটা শিশির ভেজা শিউলি 
একদিন মাটি থেকে কুড়িয়ে অজ্ঞলি ভরে দিতাম,
এখন অতীত শুধু রক্ত ক্ষরণ করে!

তুমি তো জানো সূর্যতপা, আমি তোমার কেউ নই
তোমার সতীন এখন পাটরাণী এই সাম্রাজ্যে
তবু - । না, থাক । তুমি আর এসো না সূর্যতপা,
                     স্বপ্নেও নয়! 

Comments