তোমায় নিয়ে পালিয়ে গেলাম

তোমায় নিয়ে পালিয়ে গেলাম ভোরের আলোর সাথে,
আলোয় আলোয় আকাশ তখন ভৈরবী রাগে বাজে।
আমার খুব ইচ্ছে ছিল—একটি পারিজাত
তোমার খোঁপায় শোভা পাক সকাল, সন্ধ্যা, রাত।
তোমার গায়ে আলোর দ্যুতি—শান্ত সরোবর,
আমার ভিতর উথাল-পাথাল—মন্দ বিবির চর!

ধীরে ধীরে এগিয়ে যাই, হাত রেখেছি হাতে,
তুমি তখন ঘুমের ঘোরে চলছ আমার সাথে।
তুমি যেন মন্ত্র জানো, বুঝতে পারো সব,
চোখের ভাষায় লিখে দাও নীরব অনুরাগ।
কথা ছাড়া কত কথা ভাসে বাতাস জুড়ে,
হৃদয় আমার ডুবে থাকে তোমার সুরের নীড়ে।

সূর্য যখন মাথার উপর, দিন হয়ে যায় ক্ষয়,
তোমার ছায়া ছুঁয়ে আমায় বাঁচার কারণ হয়।
হঠাৎ যখন ঘুম ভাঙে কালবৈশাখী ঝড়ে,
ভোরের সেই আলোয় তোমায় খুঁজি বহুদূরে।

স্বপ্ন যদি শেষও হয়, শেষ না হোক এই গান,
তোমার নামে বেঁচে থাকুক আমার অভিমান।
তোমায় নিয়ে পালিয়ে যাওয়ার সেই যে স্বপ্ন-আলো,
অন্ধকার এই জীবন জুড়ে পিদিম হয়ে জ্বলো!

Comments