বলেছিলাম

তোকে বলেছিলাম সকালের চায়েতে 
চিনি খাবি না, শুনলি না তো তুই 
জিভের জয় চাইতে গেলি-- শিরায় শর্করা
এখন নিত্যদিনই রোগের জ্বালা- হাজার বেড়াজাল !

বলেছিলাম বাগান করিস, ক্ষতি নেই 
খেয়াল রাখিস খেয়াল দোষে ঝোপ ঝাড় না হয়। 
দুটো টাকার আশায় আশায় চতুর্সীমানায়
'আখছাড়' বাঁশ ঝাড় রোপণ করে গেলি, 
এখন ঝাড়ের ফাঁকেই আলত সাপ নিত্য তাড়া করে 
ভয়ে ভয়ে সকাল-সন্ধ্যা জীবন বিপন্ন।

'ম' এর ফাঁদে পা দিস না নিষেধ করেছিলাম 
ভাগ্য দোষেই কটা টাকা যেই না দেখেছিস
মেয়েমানুষ আর মদে তুই 'ঘেটে একেবারে ঘ' 
চেয়ে দ্যাখ, এখন শুধু পাতাল প্রবেশ বাকি !

বলেছিলাম পশ্চিমের দরজাটাতে 
              খিল দিয়ে ভাই রাখিস 
ওখান থেকেই বারুদ আর অস্ত্র আসে দেশে 
দিনের শেষে দ্যাখলি তো আমার কথাই খাঁটি,  
 ঘরের মধ্যেই এখন শুধু যুদ্ধ-যুদ্ধ ভাব 
 সময় থাকতে ভাইটি আমার, একটু সজাগ হ
দিনের শেষে আবার যেন ছাদছাড়া না হস! 

Comments