যে মেয়েটি ধর্ষিতা হয়েছিল কলেজের ক্লাসরুমে,
পার্কে, ট্রামে, বাসে কিংবা অন্ধকার গলির মোড়ে-
আমি সবার অলক্ষে তাদের লজ্জাটুকু কুড়িয়ে এনে
রেখে দিয়েছিলাম কাঁচের সারিবদ্ধ শিশিতে।
আপনি ভাবছেন, ঠিকই ধরেছেন, আমিই সেই ধর্ষক,
যাকে আড়াল করতে চৌকিদার থেকে প্রিন্সিপাল
থানার এসপি, মায় খোদ মুখ্যমন্ত্রী এক সারিতে দাঁড়িয়ে ।
রাতে ধর্ণা, আর দিনে পথ কাঁপিয়ে মিছিল-
দিনান্তে-- আবার সেই থোড় বড়ি কলা।
আজ্ঞে না, আমি অন্তত সেই লোকটি নই।
আমি সেই লোকটি, যে রাতের পর রাত জেগে
আগুন জ্বালাই । যেখানে যত লজ্জা,
কুড়িয়ে এনে ভীষণভাবে ঝলসে দিই আগুনে-
সর্বগ্রাসী শিখা আর তীব্র তাপে একটা ক্রোধ-
হ্যাঁ, একটা ক্রোধ জন্ম নেয় অন্তরালে।
আমি জানি সেই ক্রোধই একদিন ফুলকি হয়ে
পুরো সিস্টেমটাকে জ্বালিয়ে দিতে পারে
এক লহমায় !
আমি শুধু সেই দিনটির জন্য তীর্থের কাকের মতো
অপেক্ষায় দিন গুনি আর ধুনি জ্বালিয়ে রাখি !
একদিন সেই দিন আসবেই!
Comments
Post a Comment