মাঝে মাঝেই ভুল হয়ে যায়
মাঝে মাঝে ভোর কিংবা ত্রিসন্ধ্যায়
দিন কিনা রাত্রি বলতে পারি না ।
সূর্য ওঠা আর ডুবে যাওয়ার অদ্ভুত রহস্য
আমাকে দিকভ্রস্ট করে।
পথের পাশ ঘেঁষে হাঁটছি, হাঁটছি -
কখন যে পথ ফুরোলো, জানি না ।
আবার কখনো, পথ ভেবে আপথ কুপথেও হাঁটি ।
মাঝে মাঝেই ভুল হয়ে যায়।
কলমের কালি আমার আলাদিনের প্রদীপ
আমি চাইলেই কাউকে কালিমালিপ্ত,
কারো পোর্ট্রেট আঁকতে পারি নিমেষে,
অথচ মাঝে মাঝেই, আমার কালি শেষ হয়।
আমি কালি ভেবে রক্তে আঁচড় টানি বারবার,
আর - নিজের ছবি দেখে নিজেই আঁতকে উঠি ।
নিজের বৃত্তের চারপাশে ঘুরতে, ঘুরতে, ঘুরতে -
একসময়, নিজেকে গুটি পোকা দেখি ।
মাঝে মাঝেই ভুল হয়ে যায়।
নিজেকে নির্লিপ্ত রাখতে আমি সকাল সন্ধ্যা -
অভ্যাস করি । স্বপ্ন যত চোখের পাতায় ভাসে
আমি ভোরের আকাশে, সূর্য ওঠার আগেই
গলা টিপে ভ্রূণহত্যা করি । কারণ -
আমার স্বপ্ন ওদের সনদ ভাঙ্গতে পারে যে কোন মুহুর্তে।
নিজের মেরুদন্ডটাকে নুইয়ে দিয়ে
ক্লীব থাকার মত কসরত আমার মুখস্থ।
তবু মাঝে মাঝেই ভূতটা মাথা চাড়া দেয়।
এত চেনা লোকের মাঝে থাকি অথচ
মানুষ চিনতে ভুল হয় প্রায়শই।
মাঝে মাঝে কারণ ছাড়াই আমার ভুল হয়ে যায়।
Comments
Post a Comment