এমনটা তো কথা ছিল না।
হাতে হাত রেখে পাহাড়ের গা বেয়ে
কথা ছিল আরও অনেক দূর
হেঁটে যাব শুধু আমরা দুজন।

কথা ছিল রোজ ভোরবেলা,
আকাশ যেখানে ছুঁয়েছে মাটি—
খাঁটি সোনার মতো থালাটি ঘিরে,
সবুজ আর সূর্যের লাল একাকার;
সেখানেই পেয়ালা হাতে আমরা দুজন,
পাখিদের সঙ্গে গড়বো মিতালি
এমনটাই কথা ছিল, বলো ?

কথা ছিল খিড়কির ডানা জুড়ে 
যে মায়াবী বন্যা ছুঁয়েছে শয্যা 
তার কোলে, তুমি কোলে নিয়ে মাথা 
রাত জেগে কথা গেঁথে মালা বানাবে।
আমাকে পড়িয়ে দিয়ে সেই স্বপ্নের মালা
হংস মিথুনে মিলে আমরা রাত সাজাবো ।


জীবনের নদী তো এঁকেবেঁকে যায়,
কখনও শান্ত, কখনো ঝরনার উচ্ছ্বাস।
তুমি আর আমি সেই উচ্ছল ধারা,
পাহাড়চূড়া ছুঁয়ে নৃত্যের তালে 
বন্ধ্যা পৃথিবীর বুকে ভালবাসা-ফুল ফুটাবোই ।

হারাব বলেই কি মিলেছি দুজন ? 
মিলনের শেষে কী লেখা আছে -
বিদায়ের বিষাদ নাকি স্মৃতি-মধুরেখা !
যদি সব নদী মোহনায় শেষ হয়ে যায় 
কেন এই জীবনটাই মোহনা নয় ?
কথা ছিল আকাশের আলো পথ ধরে 
আমরা পৌঁছে যাবো ঝিনুকের দেশে ।

তোমাতেই বিশ্ব আমার, তোমাতেই সমুদ্র মন্থন 
আমাকে যে পেতে হবে অমৃতকুম্ভের সন্ধান—
জীবন যে আমাদের শুধু একটাই !
এমনটাই তো কথা ছিল, বলো ?

Comments