কোথায় থাকিস পাগলী,
আয় না কাছে, হাগ করি।
নাকছাবিটা খুলে দে,
ঠোঁটের আগল খুলে নে।
তোর কোলেতে রেখে মাথা, হাসবো-কাঁদবো, করবো খেলা—
মাদল বাজে রে!

চাঁদের নিচে রাত্রি পোহায়
চোখের তারা নেশা ধরায়
এলোমেলো চুলের ফাঁকে
মনটা আমার হারায় বাঁকে
তুই যদি রে থাকিস পাশে
দুঃখ যত যাক না ভেসে -
বাঁশি বাজে রে !

নদীর জলে জোছনা নামে,
তোরই কথা ভাসে থামে।
কাঁচের চুড়ি বাজে ধীরে,
মন উড়ে যায় কোন্‌ সুদূরে।
তুই হাসলে বুকের ভিতর
ঝড় ওঠে রে নিরন্তর—
মন যে নাচে রে!

মাঠের ধারে ধূলো ঝড়,
তোর নামেতে মন বিভোর।
পলাশরাঙা বিকেল বেলায়,
আগুন জ্বলে শিরায় শিরায়।
তুই ছুঁইলে বুকের মাঝে,
ঝর্ণা সাজে, রুদ্র সাজে—
ঢোলক বাজে রে!

Comments