কথা দিলাম, আর জনমে
দেখা হলেও আমরা দুজন
একসাথে ওই বিয়ের পিঁড়ি - বসবো না।
সকাল হলেই বেজার মুখে
কথায় কথায় খুনসুটি,
রোজনামচা চাপাচাপি — চলবে না,
একসাথে ওই বিয়ের পিঁড়ি বসবো না।
হয়তো তুই আমার নোস্ ,
নামটি তোর অদিতি বোস,
এই যে দুজন ভালবাসি
তুই আমাকে, আমি তোকে —
বুক ফুলিয়ে মুখ ফুটে তা বলবো না,
একসাথে ওই বিয়ের পিঁড়ি, বসবো না।
হয়তো ভীষণ ইচ্ছে হবে
হাত বাড়িয়ে ধরবো হাত,
দুহাত ভরে জড়িয়ে ধরে
ঘামে ভেজা, করবো ‘হাগ’।
ইচ্ছে হলে ভাঙতে পারি চাঁদের তৈরি বিছানা,
(তবু) একসাথে ওই বিয়ের পিঁড়ি বসবো না।
আউটরামের ঘাটে যাব
পাইকপাড়া, ডিঙ্গি বস্তি
ইচ্ছে হলে আইএনএক্সে
একটু চুমু, একটু মস্তি
ছাদের তলায় থাকবো দুজন
ছাদনাতলায় যাচ্ছি না
একসাথে ওই বিয়ের পিঁড়ি বসছি না।
একটা দিন আমি শুয়ে —
হয়তো জ্বর, হয়তো শীত,
ইচ্ছে হলেও বসবি পাশে,
সাধ আছে তোর, সাধ্যি কি!
গতর দিলেও “ভোতর মা”,
শেষমেশ তুই পারবি না —
একসাথে ওই বিয়ের পিঁড়ি, বসবো না।
তুই আর আমি ভিন্ন গ্রহ,
ইচ্ছে হলে আগল দেবো,
বুকের মধ্যে বাদল নেবো।
ইচ্ছে হলেই পাখির মতো
ইচ্ছে-খুশি পালিয়ে যাবো,
পিছন ফিরে চাইবো না —
খুনসুটি আর 'কেন-কেলানি' সইবো না,
বললাম তো -
একসাথে ওই বিয়ের পিঁড়ি, বসবো না।
Comments
Post a Comment