একদিন এই মঞ্চেই আমার কবিতা পাঠ হবে।
এখানে দাঁড়িয়ে একের পর এক কবিতা
পাঠ করবেন শহরের বহু নামি-অনামী আবৃত্তিকার।
হয়তো তাঁদের অনেকেই কোনোদিন
খুলেও দেখেননি কবিতায় স্নাত হননি অনেকদিন
তবু আমি নিশ্চিত,
আমার কবিতাই পাঠ হবে এখানে।
কবিতা অনেকটা আমার শখের গাছের মতো,
তাকে যত্ন করে লালন করি আমি।
কেউ এলে ভালোবেসে দেখাই —
ভালো লাগলে মন ভরে যায়,
আর না লাগলে প্রতিবাদ করি না।
আমার কবিতাও ঠিক তেমনি। হয়তো ছন্দ নেই,
কাব্যের সেই প্রচলিত মাধুর্যও নেই,
হয়তো নেই আরও অনেক কিছুই;
কিন্তু যে ভাবনাকে নিয়ে কবিতাটি লেখা,
যে দুঃখ, যে জ্বালা,
যে আনন্দের মুহূর্তকে
কবিতায় ধরে রাখা—
সে তো মিথ্যে নয়,
মিথ্যে হতে পারে না।
ইতিহাস আজকাল অন্ধকারে বিকিয়ে যায়।
তাই তাকে আমি আগলে রাখি বুকে—
যত দুঃখ, বঞ্চনা, প্রবঞ্চনা,
যত মিথ্যে প্রতিশ্রুতি।
একদিন, হ্যাঁ, একদিন ঝড় আসবেই—
ধুয়ে যাবে সব ধুলোর আস্তরণ।
আর ঠিক সেইদিন
এই মঞ্চেই আমার কবিতা পাঠ হবে।
শুধু একটাই দুঃখ—
হয়তো আমি সশরীরে থাকব না।
তবে হ্যাঁ, মালা হয়ে থাকব,
সত্যি বলছি—
ওই কোণেই,
স্থির, নীরব।
Comments
Post a Comment