শেষ উপলব্ধি


জীবন কোনো ছেঁড়া পাতা নয়,
হাওয়ার টানে হলুদ পাতা হয়ে
ঝরে যাওয়া— অজানা এক কোন্নগড়ের মাঠে।

আমার কাছে জীবন এক গদ্যে-পদ্যে ঢালি—
আশ্বিনের আবেশ থেকে জ্যৈষ্ঠ্যের খরাতাপ;
পরিতাপ সাময়িকী মাত্র। মাঝে মাঝে মনে হয়,
যা চেয়েছি, পেয়েছি তার শত গুণ রাশি।
কে যেন পেছনে দাঁড়িয়ে অঞ্জলি ভরে
ক্রমাগত সাজিয়ে দেন আমার সামান্য ঘড়া।
আমি জরা-ব্যাধির সুড়ঙ্গ থেকে অপলক দেখি,
আর মনে মনে প্রণাম করি সেই প্রদীপ্ত সরাকে।

জীবন তো আর খেয়া পারাপার নয় 
ঘাটের থেকে ঘাট ছোঁওয়াটাই কাজ !
চলার পথে অনেক বঙ্কিম পথ
পথের মোড়ে আশা নিরাশার দোলা 
খেলায় খেলায় অনেককিছুই চাওয়া 
দিনের শেষে বাকির খাতা, শূন্য যে সব পাতা -
আমার ভালবাসা, তাঁকেও ফিরে পেয়েছিলাম।

জীবনে প্রথম যাকে ভালোবেসেছিলাম,
ভেবেছিলাম জীবনের কোনো এক অখ্যাত স্টেশনে
সে হারিয়ে গেছে নিজের কক্ষপথে, আনমনে।
সেও ফিরে এসেছিল ঝড়ের মতো, দুধের স্বরের মতো,
বৃষ্টিভেজা রাতে, গন্ধরাজের গন্ধ মেখে, বাসর সেজে 
রাতের পাখির মতো জড়িয়ে ধরে, বলেছিল
ফিসফিসিয়ে কানে—
“আমি তো তোমারই আছি, ওগো, নিত্যদিনের সাথি,
তোমার সকল দুঃখের ব্যথী, তোমার কবিতায়।”

এই জীবনে কোনো কিছুই যায়নি হারিয়ে;
কালের গহ্বরে থাকে জমা, ধুলো জমে—
ততদিন, যতদিন প্রাণ থাকে দেহে, আর 
মন যদি, তাকে সাহস করে খুঁজে পেতে চায়।
সায়াহ্নের শেষ সোপানে দাঁড়িয়ে
আমি মিথ্যে বলি না, এ আমার শেষ উপলব্ধি।


Comments