কতদিন আমাদের দেখা হয়নি দুজনের।
মুখোমুখি বসা হয়নি পেয়ালা হাতে
মন খুলে নির্ভয়ে কথা বলা - কতদিন হয়নি বলো !
কতদিন গঙ্গার ঘাটে স্টীমারের ভেঁপু
বা কোন এক অজ পাড়া গাঁয়ে অপু
আর দুর্গার মতো ট্রেনের আওয়াজ - শোনা হয়নি,
শোনা হয়নি বৃষ্টির সাথে বাতাসের সংগত
কিংবা পড়ন্ত বিকেলে আলো আর আঁধারের
জমি দখলের লড়াই -
কতদিন একসাথে দেখা হয়নি আমাদের।
কতদিন আমরা বিশ্বের দুই প্রান্ত শহরে বসে
একে অন্যকে খুঁজছি।
হাতে হাত রেখে না বলা কথাগুলো শুধু বুঝে নিতে, কতরাত ঘুমহীন কাটিয়েছি।
কতদিন কিংবা কত রাত !
তারপর একদিন ঘুম ভেঙ্গে জেনেছি
আগামীতে আর কোন দিন নেই, রাত নেই।
আমাদের চাওয়া পাওয়া ভালবাসা
ঝরে যাওয়া ফুলের মতো, শুকনো কুৎসিত -
এই জীবনের জন্য অপঘাতে মৃত্যু ঘটেছে !
এবার আবার প্রতীক্ষা- কতদিন আমি জানি না !
Comments
Post a Comment