এই বয়েসটা ভাবতে গেলে ভীষণ সাংঘাতিক। 
জীবনের দীর্ঘ চলার পথে
রোদ বৃষ্টি- সুখ দুঃখ কষ্টেতে 
জ্বলে পুড়ে ক্ষত বিক্ষত, কিংবা
পুড়ে পুড়ে সোনা যেমন খাঁটি হয়, তেমনটাই !
এই বয়েস অদ্ভুত নিস্তব্ধতা, আবার কাঙালপনার বয়েস।

এই বয়েস,  সহজে কাউকে বিশ্বাস করে না,
অথচ জন-জঙ্গলে অহরহ খোঁজে বিশ্বস্ত মুখ -
যাকে আগল খুলে মনে রাখা যায়।
ক্ষণে ক্ষণে উদাস হয় মন, সে হয়তো দূর তপোবন।
কাজের ফাঁকে অকারণে টেলিফোনে
যদি একবার স্বর আসে হরষে-
ভালবাসা খাঁটি সোনা- ঘন দুধের মতো,
মনের মধ্যে হলদে স্বর - জমাট বাঁধে নিমেষে।
এই বয়েসটাই নতুন করে ভালবাসার বয়েস।

এই বয়েসটা ভীষণ অশান্ত, আদ্যপান্ত জেনেও 
তাঁকে পেতে ইচ্ছে করে নিরন্তর পাশে।
শরীরে নয়, মনে মনে মন ছোঁয়াছুঁয়ি খেলা।
একটু সোহাগ, আদুরেপনা, অনেকটাই অভিমান-
হারিয়ে যাওয়া দিনগুলোকে নতুন করে গড়া।
চোখের পাতায় প্রতিবন্ধকতা অনেক, অনেকখানি-
তবু চোখে চোখ মিলন হতেই জয়-জয়ন্তী বাজে।
আসলে এই বয়েসটার বিশ্রী একটা দোষ -
এই বয়েসেই নতুন করে বাঁচতে ইচ্ছে করে !


Comments