সময়টা সেই আগের মতো নেই
আমের ডালে বোল আসেনি।
শীতের শেষে হলুদ যত পাতা
ডালে ডালে ধুঁকছে নিত্যদিন -
তাঁদেরও আশা, দিনের শেষে
আসছে 'আচ্ছে দিন !'
কালের জলে দমকা হাওয়ায় ঢেউ -
কারো পালে দখিনা হাওয়া
কারো পালে কালবৈশাখীর হাসি,
হাল ধরে যে তেমন হাতটি নেই !
এখন যা হাল, ঘূর্ণি স্রোতের ফাঁদ -
সময় এখন সূক্ষ্ম সূতায় ছোটা
ঝান্ডা হাতে ছুটছে যারা বিভোর
রাত-আড়ালে ডিগবাজি খায় তারাই ।
তোমরা যারা শালিখ, টিয়া, চড়াই
কিসের এত কিচিরমিচির লড়াই -
ঘড়ির কাঁটাও সময়টাকে ওজন করে মাপে
তোমার হাতে হাত রাখে তেমন হাতটি কোথায়?
সময়টা সেই আগের মতো নেই !
মনে নিও না, একটি ছোট্ট কথা -
এখন সংযমটা শেষ কথা নয়,
স্বপ্নটাকে ডানায় ঢেকে রেখো
অন্ধকারে সাপের উপদ্রব -
রাত হচ্ছে, একটু সজাগ থেকো !
Comments
Post a Comment