আমার বুকের মধ্যে সমান্তরাল স্রোত—
একপাশে আত্মজা, ইংরেজি মিডিয়াম স্কুলে,
ডাক্তার-ইঞ্জিনিয়ার—গটগট করে লিফ্ট চড়ে;
অন্য প্রান্তে হাজার কন্যা বস্তি আর পাহাড়ের মাচা ঘরে।

আমার বুকে সমান্তরাল স্রোত!
একপাশে গলায় ‘নট’, টপ-স্কার্টে ধুপদুরস্ত পৃথিবী,
পিঠে বিস্তর বই, ফাঁকে সুদৃশ্য টিফিন কৌটা—
কথায় কথায় ঝর্ণার কলতান, বিদেশি ভাষার ছোঁয়া;
অন্যপ্রান্তে হাঁড়গোনা ‘টপ’-এর ভিতর হাজার জিজ্ঞাসা।
ওখানে অভাব আছে, স্বভাব দোষে নবাব আছে,
আর আছে ঘরে ঘরে হাঁড়ি ভর্তি খিদে।
জীবনটাই খোলা বই—
পাতায় পাতায় হোঁচট লেখা, ক্ষতবিক্ষত পা;
তবু দিনের শেষে ঠোঁটের কোণে পরীর গরিমা,
ওদের সেলাই করা স্বপ্নে সাজে সাঁঝের নিলীমা।

আমার বুকের মধ্যে সমান্তরাল স্রোত—
একপাশে আলো জ্বলে, অন্যপাশে আগুন!
একপাশে শব্দ, অন্যপাশে খিদের আর্তনাদ—
আর আমি?
নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে
অবিরাম মানুষ হয়ে ওঠার অভিনয় করে যাই।

Comments