ভালবাসি, ও কথাটা বলো না আর, প্লিজ।
তোমার মুখে বড্ড বেমানান !
আজ বছর তিন, শুনে শুনে পচে গেছে কান ।
একটা জন্তু যেমন স্বভাবসিদ্ধ চালে
দিনান্তে বা যখন তখন জিভ চাটে গায়ে 
তুমিও তেমনি, একটা তীব্র ক্ষুধায়
আমায় নিত্য জ্বালাও !
তোমার মধ্যে সেই ভালোবাসা 
                        ফুরিয়ে গেছে কবেই !

যেদিন প্রথম, আমার স্তনে দিয়েছিলে হাত 
তখনো আমাদের বিয়ে হয়নি 
                        গোপন অভিসার !
আমি তোমায় বলেছিলাম, "হচ্ছেটা কী ?" 
তোমার তখন অস্ফুট স্বর । বলেছিলে, "প্লিজ -" 
আমার তখন মিশ্র অনুভূতি 
    থেমে থেমেই বাজছে নাকাড়া !

অনেক পরে, তুমি তখন ক্লান্ত 
আমার কোলে তোমার ঝাঁকড়া চুল 
বললাম, "কী নাম দিলে ওদের ?" 
অবাক তুমি, "কী আবার ? সবাই বলে যা -" 
বললাম, ভালো একটা নাম দিলে কী হয় ?"
তুমি তখন বিরক্তিটা ঝেড়ে, " আদিখ্যেতা -
তুমি আজকাল বড্ড 'ইশে' করো ।"
আমি বুঝলাম, এখান থেকেই শুরু অবক্ষয় ।
এখন ভাবি, চলছে যা, তা আর যাই হোক 
                           ভালবাসা নয় !

Comments