এগিয়ে এসো, আরও অনেকটাই পথ
ধরো হাত, দেখো কতটা উত্তাপ
জমিয়ে রেখেছি শুধু তোমারই জন্য !
আরও এক পা, সামনে বাড়াও
তুমি জানো, এ আগুন ঝরানো রথ -
তোমাকে কাঠ কয়লার মতো
ঝলসে দিতে পারে
ভয় পেলে ওখানেই শেষ ।
তোমাকে এগুতে হবে অনেকটাই পথ ।
আরও কাছে এসো, আরও কাছে
তোমার নিঃশ্বাস ছুঁয়ে যাক আমাকে
আলতো করে দুহাতে নিয়ে গাল
চুম্বক -চুম্বনে শুষে নাও ঠোঁট ।
তোমার বুক আমার বুকে কান পাতুক
ওখানে লক্ষ কবিতা জন্ম নেয় আজও ।
আমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে তুমি
আদর করো - আরও, আরও, আরও
যতক্ষণ না সমুদ্র মন্থন শেষে
খুঁজে পাই অমৃত কুম্ভের সন্ধান!
ভালবাসা বড় অবুঝ, ভীষণ ভয়ঙ্কর
সে কবিতার ছন্দে বন্দি হতে নয়
রক্ত মাংসে বেঁচে থাকতে চায় !
Comments
Post a Comment