তুমি কাছে এলে,
ঝড় এসে কড়া নাড়ে দরজায় ।
রাতের তারারা, যারা পথ দেখায়
আমার কাছে তারাই সর্ষে ফুল !
যুদ্ধ কি কেবল মানচিত্রের পাতায় ?
ঘরের ভেতর ঘর, তাতে নিরন্তর
সকাল সন্ধ্যা বারুদ পোড়ার গন্ধ।
আমি নিত্য যুদ্ধে চিত্রপটে রক্ত ছবি আঁকি !
তুমি জানো না, বুকে যুদ্ধ-দামামা
হৃদয়ে সমুদ্র-উচ্ছ্বাস -
কাঁটার মুকুট মাথায় নিয়েও আমি
তোমার জন্য রাতভর দরজা খুলে রাখি ।
Comments
Post a Comment