আমি জানতাম কোন একদিন
আমাদের নিশ্চয়ই দেখা হবে ।
এই শহর, এই দেশ কিংবা
পৃথিবীর কোন এক প্রান্তে
ঠিক মুখোমুখি এসে দাঁড়াবোই।
জানতাম, সেই পথ, সেই বাড়ি
সেই অলিন্দ কোঠা - থাকবে না।
গেটের পাশে মস্ত কৃষ্ণচূড়া -
ঝড়ের দাপটে আমার মতো
উপড়ে যাবে শিকড় -
তোমার বয়েস জুড়ে কয়েক দশকের দাগ
তবু চশমা-ফাঁকে সেই উজ্জ্বল দৃষ্টি -
দেখা হবার কারণ ছিল না কোন,
তবে জানতাম, একদিন দেখা আমাদের হবেই।
তোমার সাথে শেষ দেখা
তুমি কলেজ ছাত্রী,
চাকরিটা হলো না তাই, তোমার দাদা -
অনেক চেষ্টা, কসরত -কালের কপালে লাথি
তোমার আমার মধ্যে শুরু দীর্ঘ বিরতি।
তুমি জানতে ফুরিয়ে গেছে সব,
আমি জানতাম, ভালবাসা অমর আগুন
নিভতে শেখেনি ।
সেই আমাদের দেখা হলো, সময় পেড়িয়ে
আজ তুমি আমি পাশাপাশি,
সহস্র যোজন দূরে !
Comments
Post a Comment