এই বয়সটাই ভালবাসার সময় ।
এই বয়েসে মন পেতে চায় তাঁকেই
যার পাশে বসলে মন ভালো হয়ে যায় হঠাৎ।
দুপুর বেলা একলা উদাস বেলায়
ফিরে ফিরে তাঁকেই খুঁজে বেড়াই।
সে গোপন পথে সোপান বেয়ে মনে
আসবে আবার ফিরে ফিরে যাবে -
মন যেন তাঁর খোলা বই-এর পাতা !
সে হয়তো থাকবে অনেক দূর
সারাদিনে একটা টেলিফোন -
হয়তো বলবে, " এখন কেমন আছো ?
ঔষধ খেলে ?
পায়ের মলম পাঠাই একবার?
প্রচন্ড রোদ, বুকে চাপ চাপ কষ্ট -
একটু যদি বসলো এসে পাশে
হয়তো হাতে আলতো করে হাত -
তুমি ভাবছো, ছিঃ, বুড়ো বেলায় হঠাৎ অধোঃপাত !
কিন্তু না, সত্যি বলছি, তাঁকেই প্রয়োজন।
অনেক কথা মনেই চাপা থাকে
সব কথা কি সবার কাছে মেলে দেওয়া যায় ?
অনেক দিনের ঘষামাজায় পালিশ করা জীবন
প্রতিটি পা, অঙ্ক কষে চলা !
ছোট্ট ছোট্ট দুঃখগুলো - অভিমান -
হালকা হয়, একটু মনের ছোঁয়ায় !
শরীর ছেড়েও আরও একটা ভালবাসা আছে,
সবার সেই ভাগ্য জোটে না !
Comments
Post a Comment