কাল রাতে ঘুম ভেঙ্গে যেতেই
তোমাকে দেখতে ইচ্ছে করছিল খুব।
ইচ্ছে করছিল তোমার কোলে মাথা রেখে 
এক যুগ শুয়ে থাকি নিঃশব্দে।
তোমার ঘন কালো চুল 
            আমার আড়াল করে মুখ 
আমি সমুদ্রের শেষ প্রান্তে 
                    মুক্তো খুঁজবো আজীবন ! 

কাল রাতে একটা বাজে স্বপ্ন দেখেছি জানো -
তুমি আর আমি হাঁটছি ঘন জঙ্গলের মাঝে 
আমাদের পায়ের পাতা ঘেঁষে 
বিষাক্ত সাপ আর শান্ত খরগোশেরা হাসে, 
আমরা হাঁটছি হাতে রেখে হাত ।
একটা কালো অদ্ভুত লোক 
আমার হাতে অন্তত চার হাত -
মাটি ফুঁড়ে যেমন ফোয়ারা ছোটে
তোমাকে ছিনিয়ে নিলো এক লহমার ভুলে।
আমি ছুটছি, ছুটছি আর ছুটছি দিশাহীন 
তোমাকে খুঁজতে খুঁজতে একসময়ে 
জঙ্গল ছেড়ে ঘন বালু ঝড় ! 

স্বপ্ন কি সত্যি হয় বলো ? সেই থেকেই মনে উচাটন -
কখন সকাল হবে, তোমার কোলে মাথা রেখে 
 আমি শুয়ে থাকবো, আজীবন, অনন্ত কাল !

Comments