মাঝে মাঝেই ভীষণ একা লাগে।
হাজার ভিড়ের মাঝে মনটা
ভীষণ একা -
একটা উদাসী হাওয়া বুকে ধাক্কা দেয় ।
মাঝে মাঝেই আমার মধ্যে আমি
হারিয়ে যাই ।
আমাদের সম্পর্কটা কড়ি আর
কড়ায় গণ্ডায় !
ওখানে ভালবাসা ঘর মোছা ন্যাকড়ার মতো
একপাশে গুটিসুটি খায় ।
শেষ কবে তোমার কামিজের মতো
যত্নে ছুঁয়েছো, লিখে রাখি না।
রোজকার রোজনামচা আমাকে টানে না।
শেষ কবে দেখা হয়েছে, মনে নেই।
আমার শিরায় শিরায় চোরা স্রোতের টান -
একটা তারা প্রতিরাত গল্প শুনিয়ে যায় ।
তুমি তো রাত জাগা পাখি
ঘামে ভেজা গায়ে মেট্রোর দরজায়
শিকারের সন্ধানে ছুটছো দিগবিদিক ।
আমি একা,
ছাদের কার্নিশে বসা -
তোমার অপেক্ষায় থেকে, থেকে -
মৃত্যু আর জীবনের মধ্যে দর কষাকষি খেলছি !
Comments
Post a Comment