আমার ইচ্ছে করে তোমার পাশে 
একটুখানি বসি। হাতে হাতটি রেখে 
ভালবাসার গল্প লিখি দুজন ।

মাঝে মাঝেই ভীষণ ইচ্ছে জাগে 
তোমার ঠোঁটে গাঢ় চুম্বন আঁকি।
ভালবাসার সাত রং তুমিতো দেখোনি,
ইচ্ছে করে স্পর্শে স্পর্শে ছড়িয়ে দিই গায়ে 
তোমার চোখ, গাল আর গ্রীবায় -
লজ্জাবতীর মতো তুমি গুটিয়ে যেতে যেতে 
একসময় ইন্দ্রধনুর হয়ে 
ফুটে ওঠো সারা আকাশ জুড়ে।
তুমি চাইলে এই অবেলায় আমি তোমায়
       ভালবাসার পাঠ শেখাতেও পারি !

ভালবাসা আকাশের মেঘ তারা নয়
তাঁকে ছুঁয়ে দেখতে হয় ।
আদরে আদরে জাগিয়ে রেখে 
প্রতি রাতে সাত সুরে গান বাঁধা হলে,
তবেই না ভালবাসা বুকে বাঁধে বাসা ।

আমার জানো ইচ্ছে করে 
         তোমার চিবুক ছুঁয়ে বুক
গভীর থেকে গভীরে অবগাহন করি -
শরীরের শেষ উত্তাপ বিলিয়ে দিয়ে তোমায়
আগুন ছুটুক দিগবিদিক - 
রোমে রোমে, শিরায় শিরায় ।
এ আগুন মন পোড়ায়, তন পোড়ায় 
ঝলসে দিয়ে শেষে, ছলকে ওঠে অমৃতের কুম্ভ ।
আমি যে অমৃতের স্পর্শ পেয়ে অমর হতে চাই।
 মাঝে মাঝেই ভীষণ ইচ্ছে জাগে !

Comments