বাজার

বাজারটাতে কদম রাখতেই থমকে গেল পা
ওখানে লক্ষ লোকের ভীড়, কিন্ত কোথায় যেন চিড়
আগের মতো প্রাণ নেইকো কোথাও !

একটা লোক ভীড়ের মধ্যে একা
একহাতে হাত পাখা, অন্য হাতে থালা ।
শীত গ্রীষ্ম হাত পাখা তার চলে ।
এমনিতে ঠোঁটে শব্দ নেই, 
মাঝে মাঝে চমকে দিয়ে বলে,
"জ্বালা, জ্বালা, জ্বালা, জ্বালায় ঝালাপালা 
একটু সুখ দে না রে আমায় !"
চোখ জুড়ে, এক আকাশ বিষন্নতা !

ওখান থেকে বাদিকে মোড় নিতেই
রামভরতের বিশাল কসাইখানা। 
ওখানে ঝান্ডা লাগানো আছে
মাসের মধ্যে একটা দিন ঘাড়ের মাংস মিলে !
বাজার জুড়ে যাদের শক্ত ঘাড়
রাত্রি এলেই ধড় ছেড়ে তার অচিরেই -
শো-কেস হয় স্থান,  এমনটাই লোক মুখে শোনা !

একটা দোকান ভীষণ অদ্ভুত !
                     ওখানে 'নেই ' শব্দটি নেই। 
দেওয়াল জুড়ে অসংখ্য তার খোপ 
খালি চোখে কিছুই যায় না দেখা
অথচ কাউন্টারে জমা করুন টাকা
মুহুর্তেই আপনি সেই রাজা !
এখানেই দুঃখবিলাস দুঃখ কেনেন 
রমনীবাবু নারী । আর যারা ঝানু ব্যাপারী -
তারা ভোট কেনেন গ্লাসের বিনিময়ে
যেন চাল ডাল তরকারি !

আজ মাস হলো প্রায়, দোকানটাই বন্ধ। 
মালিক নাকি অন্ধকারে গা দিয়েছে ঢাকা ।
মুখ্যমন্ত্রীর কুর্সি, ঠিক যেখানে অবিক্রিত ছিল
              এই কদিন আগেই বিক্রি হয়ে গেছে !
সেই থেকে ফেরার দোকানদার !
আসলে নেতা মন্ত্রী, মুড়ি মুড়কি -
মুখ্যমন্ত্রীর কুর্সি, ওটাই ছিল বাকি ,
এখন শুনছি --. থাক, বলবো না আর -
                   নিজে গিয়ে দেখুন -
ওখানটাতে কুর্সি আর নেই,  রীতিমত ফাঁকা !

Comments