রাত্রির অন্ধকার পথ বেয়ে সে চলেছে একা
ভঙ্গুর পথ, ভ্রুক্ষেপ হীন পদক্ষেপ
একটা চড়াই শেষে অসংখ্য উৎরাই
তাঁকে যে পৌঁছতে হবে ভোর হবার আগেই !
ওদেশে মানুষ, যারা ঘুমের দেশে বাস
যদি ঘুম ভাঙ্গে কোন এক ভুল ক্ষণে তাই -
অসংখ্য ললিপপে স্বপ্ন মাখামাখি ।
আদম ও ইভের ঠোঁটে নিষিদ্ধ সেই ফল ।
আমি স্পষ্ট দেখি, তুমি হয়তো দেখতে পাচ্ছো তাই !
এখন আর মেরুদন্ডে সতেজতা নেই
অন্ধকার ছায়ার মতো বুকে চেপে বসা -
এদেশে আলো নেই, যা কিছু স্ফটিকে প্রতিফলন
তাই তাঁকে যেতে হচ্ছে অনেক দূরের পথ !
গহীন অরণ্যে যে গাছ অসূর্যস্পর্শা
তার বুকে লুকিয়ে রাখা বিশুল্যকরণী রস,
একমাত্র সেই রসেই কাল ঘুম কাটে !
এবার যারা দাঁড়িয়ে বৈতরণী ঘাটে
ওদের ধমনীতে কালো পুঁজ রক্ত -
সেখান থেকেই প্রথম শুরুয়াত !
সে হাঁটছে, নগ্ন পায়ে শহর জুড়ে,
নগর, বন বাদারে সে হাঁটছে।
যেইদিন সে পেয়ে যাবে লক্ষ্যের সন্ধান
তোমাকে বলতে হবে না, আকাশে তাকিয়ে দেখো -
আলোর উৎস হতে লক্ষ আলোর বৃষ্টি -
সেদিনই সহস্র সূর্যেরা আবারো জন্ম নেবে,
কথাটি মিলিয়ে নিও আমি স্পষ্ট দেখতে পাই !
Comments
Post a Comment