তোমার আর আমার জীবনে
একটা "মিতা" থাকা ভীষণ প্রয়োজন ।
যে তোমার কাছে বন্ধু তবু
আমার সাথে গোপন প্রেমে মাতবে !
আর যখন ঝড় উঠবে দিগন্তে
বাতাসে সবকিছু তছনছ করে দেয়ার বার্তা -
সে তার আঁচল দিয়ে আগলে রাখবে
আমাদের ছোট্ট স্বপ্ন নীড় !
আমাদের হয়তো দেখা হবে না কোনদিন
কফি হাউসে মুখোমুখি বসা -
সময়টা দীর্ঘায়িত হোক তাই ট্রামের শেষ সীটে -
কিংবা গঙ্গার আউটরাম ঘাটে
শুধু পাশাপাশি একান্তে বসবো তাই,
একটা গোটা মাস অপেক্ষায় থাকা -
আমাদের এসব কিছুই নেই ।
তবে তৃতীয় মুখে একে অন্যকে জানা -
শুধু নামটি শুনবো তাই সলাজ কৌতুহল -
এ আমাদের একান্ত ভাল লাগার গান।
ওখানে তুমি নেই, নেই চির পরিচিত কেউ -
নেই মিতার ক্ষুদ্রতম বৃত্তের নিকটতম ব্যাক্তিটি -
ওখানে আমার আর মিতার বাসর ঘর ।
যখন সুক্ষ্ম অনুভূতি ক্রমে ক্রমে ক্ষয়ে যায়
প্রেমে আসে ভাঁটা -
মিতা তুমি প্রতিবার দীপ জ্বেলে দিও,
সযত্নে আগলে রেখো আমাদের ;
আর নিরাপদ দূরত্বে থেকে উত্তাপ দিও
আমার আর তোমার বন্ধুর আনন্দ নিকেতনে !
Comments
Post a Comment