ইচ্ছে করে

ইচ্ছে করে এই অবেলায় তোমার কাছে ছুটে যাই,
তোমার গায়ে ছুঁয়ে গা হালকা কথায় গা ভাসাই।
ইচ্ছে করে—
ইচ্ছে করে মন্ত্রবলে তোমার গলার মালা হই,
তোমার মনের গহীন ঘরেই আমার মনের বসত রই।
ইচ্ছে করে দেওয়াল জুড়ে স্বপ্ন দিয়ে ঘর সাজাই,
একমুঠো রঙ উড়িয়ে দিয়ে মন-আকাশে মেঘ ভাসাই।
ইচ্ছে করে—
ইচ্ছে করে রঙের খেলায় একলা তুমি আমার হও,
রঙ মেখে আজ অঙ্গে অঙ্গে ভালোবাসার কথা কও।
আমার জন্যে রাই-কিশোরী, একলা আমার, আর কারো নও—
ইচ্ছে করে এই বসন্তে তুমিই মনের দোসর হও।
ইচ্ছে করে—
হ্যাঁ, শুধুই ইচ্ছে করে—

Comments