শুকনো প্রান্তর জুড়ে মর্মর ধ্বনি
শিমুল আর পলাশের শিরে ধিকিধিকি অগ্নিশিখা -
সূর্যের তীব্র তেজে হালকা উড়ো হাওয়া
এই বয়সেও মন ভারী করে !
ঘাটপারের যে পাথরে এককালে রঙ মেখেছি
আজ তার গায়ে শুধু শ্যাওলার ছাপ !
অশ্বত্থের ছায়া জুড়ে দীর্ঘ ঘন ঘাস আর
যত্রতত্র সাপখোপের জঙ্গল-
এখানেই বসন্তে আমার প্রথম বসন্তের ছোঁয়া !
তুমি তখন সদ্য ষোড়শী !
আজ চাঁদের মতো নির্মেঘ কপাল আর
স্মৃতির ভাঁজে ভরা অবয়ব নিয়ে
একমুটো রঙ ওই আকাশে দিলাম।
যদি মেঘ সত্যি হয়, যদি প্রেম সত্যি হয়
অলিন্দে দাঁড়িও তুমি সায়াহ্নের আগে -
দূর আকাশে ওই ইন্দ্রধনু -
স্মৃতির দেয়ালে সে আমারই প্রতিচ্ছবি !
Comments
Post a Comment