একুশ

এবার যদি একটি একুশ ফিরে 
কালের ভুলে এই বরাকের তীরে 
আমার মনের আগুনটাকে ঘিরে 
নিভে যাওয়া প্রদীপগুলো জ্বলবে জানি
জীওনকাঁঠি ছুঁইয়ে দিয়ে শিরে
আমায় তুমি বাঁচিয়ে রেখো বন্ধু !

আবার যদি একুশ আসে ফিরে 
পাঁজর জুড়ে আগ্রাসনের জ্বালা 
বেয়নেটের ভয়ে যদি খিল দিয়েছে সবাই
রাজপথেতে বুলেট নিয়ে খেলা 
আমি তখন আছি মা তোর ছেলে 
মরার আগে কবেই মরে আছি
আবার না হয় মরবো ওদের হাতে 
নতুন করে বরাক তীরে লিখবো ইতিহাস 
শেষ ফোঁটা রক্ত দিয়েও লড়ে
মায়ের ভাষা মুখের ভাষা দেখবো কে নেয় কেড়ে !
আবার যদি একটি একুশ ফিরে 
                   এই বরাকের তীরে !

Comments