কী চাও তুমি, সূর্য্যতপা -
আরো একবার ডানা মেলে বাতাসে 
শূন্যে উড়ে যাই মধ্য আকাশে ।
হিন্দুকুশ-এর চূড়ায় চূড়ায় সহস্র চুমু -
খাইবার গিরিখাদে এসে করি ল্যান্ড ।
এই পথে একদিন এসেছিল বাবর
আলেকজান্ডার, আর্য বা আদিতম পুরুষ -
আমি তারই নবীনতম উত্তরাধিকার, 
                                এই নতুন জগতে !

পাহাড়ের ঢাল জুড়ে বিস্তির্ণ প্রান্তর
যেভাবে মুহাম্মদ ঘোরী, শক, হুন, কুষাণ -
তালে তালে অজস্র চরণ চিহ্ন 
এককালে করেছে শাসন -
আমিও তেমনি সব রস শুষে নিয়ে 
সিন্ধুর কটি চুঁইয়ে সাগর সলিলে !
তুমিও তো তাই চাইছিলে সূর্যতপা !

সাগরের বুক জুড়ে আহা অশান্ত উত্তেজনা !
কখনো ভাসছি আবার গভীর অতল ।
" আমার হাত ধরে তুমি নিয়ে চল সখা 
            আমি যে পথ চিনি না । -" 
আমি ক্লান্তিহীন নিরন্তর মুক্তো খুঁজে বেড়াই
সাগরের কোণে কোণে আপোষহীন দৃঢ়তায় !
তুমিও তো তাই চাইছিলে, সূর্যতপা !

একসময় ঝড় থামে, ঘুম ভাঙে, বাতাস নিঃশব্দ -
সদ্যস্নাত চাঁপার গন্ধ প্রতি রোমে রোমে -
আমরা তখন বাজীরাও -মস্তানি বা জাহাঙ্গীর নুরজাহান । 
আমাকে হাতছানি দেয়---
                       নিষিদ্ধ ভ্রমণ !


Comments