আজ ভালবাসার দিন ।
সকাল হতেই বাজারে লাল, হলুদ, সাদা আর
হালকা গোলাপি গোলাপের ভিড় ।
গায়ে তাজা গন্ধ - ঝাপসা জলের ফোঁটা -
সদ্য কুঁড়ি থেকে ফোটা যৌবনের জেহাদ
বাজারে বিকবে তাই এত আদিখ্যেতা !
সন্ধ্যে হতে কোঠায় কোঠায়
শ্যামলী, কমলা, আর ববিতারা দাঁড়িয়ে
আলো জ্বলতেই আসল খেলা শুরু !
হোটেল, পাবে, রেস্তোরাঁয় কাঁটা চামচের ভিড়ে
উগ্র পোষাক, গায়ে বাহারি পারফিউমের গন্ধ
শুধুই অঙ্ক দৌড় ! কার আগে কে ছিনিয়ে নেয় !
বারবার ছুঁয়ে ছুঁয়ে পাপড়িরা ঝরে
শ্যামলীর গাল থেকে পলেস্তারা খসা -
অবশেষে, ক্লান্ত রাত্রির চোখে ঘুম নামে ধীরে ।
ভোর হলে রাত্রিরা শব হয়ে যায়।
তাই আরো একটা ভালবাসা জন্ম নেবে কাল !
Comments
Post a Comment