এতিম

এতিম 

সুপ্রদীপ দত্তরায় 

আজ রাতের চাঁদ মেখেছে বিষন্ন কালিমা 
মেঘেদের টুপটাপ শব্দে 
অণুক্ষণ ক্ষরণ চলছে অবিরত নৈঃশব্দ্যে !
তুমি আর আমি পাশাপাশি বসা, একটাই ফাটল-
চিড় ধরা আয়নায় যেমন জীবন দর্শন -
আমাদের পথ এবারে ঠিক তেমাথার মোড়ে ।

মনে পড়ে কত রাত এই ছাদ, এই শয্যায় -
কত স্বপ্ন, খুনসুটি , কবিতার জন্ম দিয়েছি ।
কত রাত নিদ্রাহীন স্বপ্ন ভেলায় সাগর মন্থন -
জীবন যেন রঙিন ঘোড়া, ছন্দবদ্ধ পথ -
                  আজ অর্থহীন !
আজ সব এতিম - তুমি, আমি -
             আমাদের সুখ, স্বপ্ন, স্মৃতি -
আমাদের তিলে তিলে গড়া ভালবাসা আর বিশ্বাস ।
 
এসো আজ বিচ্ছেদই হোক, মিলনের প্রতিশ্রুতি !

(কবিতাটি কাব্যকাননকে দেওয়া হয়েছে)

Comments