সাধ

আমি তো চাইনি আজীবন বাহু পাশে রাখি,
চোখে চোখ রেখে অপলক চোখে 
দিনভর শুধু তোমাকেই দেখি !
আমি তো চাইনি - চল দূরে কোথাও যাই 
হাতে হাত রেখে নীরব কথাগুলো 
দিবা রাত মুহুর্মুহু ঝড় তুলুক মনে -
আমি তো চাইনি কখনো !
তাই বলে আমারো কি কখনো সাধ হতে নেই !

ক'বার বলেছি তোমায় ? - "চল কফি হাউসে যাই , 
ময়দানে মানুষের ভিড়ে, চল নির্জনে বসি -
কোলে রেখে মাথা একটু শান্তি খুঁজি !" 
আমি তো বলিনি কখনো !
কখনো বলিনি তোমায় গঙ্গার ঘাটে 
"শিরীষের ছায়ায় এসো পাশাপাশি বসি ।
যে পথে চলবো বলে হারিয়েছি পথ -
এসো হোক কাঁটা, চলা শুরু করি হাঁটা -"
                         বলিনি তো !
আমি জানি, আমি জন্মাবধি কুঁজো, তাই বলে
আমারো কি সাধ হয় না সোজা হয়ে বসি !

Comments