জন্মদিনে

আজ তোমার জন্মদিন তাই -
ভোরের আলো ফোটার আগেই কেমন উচাটন ! 
কেক এনেছি, নানান ফুলের বাহারি ইকেবানা ।
তোমার জন্মদিন তাই, নিষেধ তবু একটু পায়েস খাবো ।

দেখতে দেখতেই সময় গড়িয়ে যায়।
হাঁটু খোলা সেমিজ থেকে 
এখন তুমি ধূসর বেলায় দাঁড়িয়ে।
কুন্তলে তাই শ্বেত শুভ্র আভা 
কপালে হালকা বলিরেখা
আমায় দেখে, চোখে ঝিলিক দিতেই
 ঠোঁটের কোণে টোল এখনও অটুট ।
কালের পাথর যত দীর্ঘ-ই হয়
তুমি তবু স্নিগ্ধ, শুদ্ধ হৃদ্য ললনা ।

তোমার আমার দূরত্বের হিসাবে জানি না,
আমি কিন্তু মনের পাশেই থাকি ।
তুমি যখন ক্লান্ত হয়ে হেলান দিয়ে মাথা -
আমি তখন আলতো কোলে টেনে 
আদর হাতে মাথায় বুলাই হাত
শরীর জুড়ে ক্লান্তি যত তোমার 
চোখের পাতায় পাহাড় নামে তখন ।
আমি তখন আলতো চুমু এঁকে 
অবাক চোখে শুধুই তাকিয়ে থাকি 
অসাবধানেও পলক পড়ে না !

জন্মদিনে কী দিই তোমায়, আছেই কিবা দেবো ?
মেঘের হাতে দিলাম তাই আকাশ ভালবাসা 
চাঁদের গায়ে লিখে দিলাম আমার ঠিকানা ।
জোয়ার এলে ঢেউয়ে যখন চাঁদের ছবি হাসে
তুমি তখন ভাসিয়ে দিও তোমার মনের কথা 
হাওয়ায় ভেসে পানসি নৌকা নিয়ে 
ঝড়ের বেগে আসবো তোমার কাছে 
সোহাগ দিয়ে সাজিয়ে দেবো গলুই
ছাড়বো না হাত, এইটুকু আজ অঙ্গীকার করি !


Comments