নিয়মটা ভাঙ্গার জন্যেই তৈরি।
যেমনটি এই কাপ, ওই মাটির পুতুল,
নদীর বাঁধ, মনের সাধ, ঘরের ছাদ
আর তোমার এই নিয়ম -
কোন কিছুই নিয়ম মেনে চলে না,
ওরা কেউই চিরস্থায়ী নয় !
যদি মন চায় কাছে পেতে তাঁকে
বুকে জড়িয়ে এক চুমু এঁকে দিতে
তার সবচেয়ে দুর্বল জায়গাটায় -
তখন নিয়ম নিয়ম করো না যেন,
জেনো, নিয়ম দেখায় পালিয়ে যাবার পথ -
ভালবাসা নিয়ম মানে না ।
যদি ইচ্ছে জাগে হাতে হাত রেখে
পায়ে পা, বাঁক পেরিয়ে সড়ক
জীবনের বাকি অংশটুকু -
কিংবা গঙ্গার পাড়ে কোন এক গাঁয়ে
কোলে রেখে মাথা, পুরো এক জীবন
কাটিয়ে দিতে চাও এই মন -
ওখানে নিয়ম মানে মূর্খামি ।
জীবনটাকে নিজের হাতে টুঁটি চেপে ধরা !
যদি ভালো লাগে, যদি বুকে বেঁধে থাকি বাসা -
এসো এই মাহেন্দ্রক্ষণে, শুধু দুজনে -
হ্যাঁ শুধু দুজনে চিৎকার করে বলি গ্রাম গঞ্জ ছড়িয়ে -
"এই আমি, এই আমি তোমাকেই ভালোবাসি,
আজীবন এভাবেই ভালবেসে যাবো !"
Comments
Post a Comment