এই জন্মে হলো না—জানি,
পরজন্মে
আমি তোমার জন্যেই আসছি।
এই মেঘ, এই আকাশ,
আর শিমুলের লাল আবির মাখানো ঠোঁট
সাক্ষী থাক আমাদের,
আমি কথা দিলাম।
আমায় তুমি চিনবে কেমন করে?
জামায় দেখো—বোতাম ফুলের সারি।
আমিও তোমায় খুঁজে নেব—
অন্ধকারে
তোমার চুলেই হাজার জোনাকি।
আমাকে আসতেই হবে—
শুধু তোমার জন্যে।
যখন করিডোরে ইস্টার লিলি -
কৃষ্ণচূড়ায় লাল হবে আকাশ—
আমি আগুন হয়ে জ্বলবো তোমার বুক ।
পাগল তুমি, আমার খোঁজে ব্যস্ত,
তোমার ঘন কালো চুল - ভীষণ অবিন্যস্ত
আমি তখন আলতো বুলিয়ে হাত
ঘুম পাড়াবো তোমায় ।
কখনো কাঁদবো - অভিমানে
কখনো প্রেমে ভাসতে ভাসতে
তোমার সারা বুকে -
তুমি দেখে নিও—
এই জন্মে না-হোক,
পরজন্মে
আমি তোমারই থাকছি।
Comments
Post a Comment