অস্তমিতের কথা

তোর মোমের মতো শরীরটার শিরে
এক উজ্জ্বল শিখা -
ওতে আলো আছে, আছে স্নিগ্ধতা,
আর আছে যত্নে রাখা, সঙ্গোপনে, এক কামুক মন -
অনেকেই তার খবর জানে না ।
যে তোর বাদামী আস্তরণ ছিঁড়ে 
        ছুঁয়েছে হলুদ পেলব শিখা,
শুধু সে-ই জানে - কতটা সর্বনাশা শক্তি
       তুই জমিয়ে রাখিস বুকে !

তোর ঠোঁট জোড়ার ফাঁকে বিষম আকর্ষণ ।
একবার যে ছুঁয়েছে ঠোঁট 
তার বুক পুড়েছে অস্ফুট জ্বালায় ।
'এডিকশন' কাকে বলে, অত বুঝি না,
তবে তোর ঠোঁট চুঁইয়ে চুঁইয়ে যে ক্ষুধা 
ছড়িয়েছে পাড়ার নষ্ট ছেলেটির মনে,
রাত জেগে আমি তার আঁচ নিয়েছি জানিস ।

আমি তোর কেউ নই -- না, কেউ নই ।
তোর চলার পথে কাঁটা হবো, তেমনটাও না,
শুধু যেদিন ভাঁটার শরীর, শিখা নিবু নিবু -
সারা শরীর জ্বলে পুড়ে খাক -
উত্তাপ নেবে যে তোর, 
        তেমন লোক পাবি না কাছে,
আমাকে ডাকিস। আমি তোকে কাছে টেনে 
মাথা তুলে নেব কোলে, 
হালকা হাতে বুলিয়ে দিয়ে চুল 
আলতো স্বরে বলব কানে কানে --
"পাগলী, অনেক হলো, এবার থামাও হুলুস্থুল,
                    একটু ঘুমাও - ।" 

আমি সেদিন ছাড়বো না তোর হাত -
নাহয়, একটা জীবন কাটলো অপেক্ষায়।
পাগলী, আমি তোকে ভালবাসি যে !

Comments