অভিমান

এত যে ঘনঘন অভিমান করো,
এমনটি তো হতে পারে কখনো—
তুমি বিদায় নিয়েছো প্রতিবারের মতো,
হয়তো ভেবেছো এক বুক অভিমান নিয়ে
এখানেই বাঁক নিক এজন্মের পথ।

ভেঙে যাক স্বপ্ন,
স্মৃতি আর অশ্রুতে হোক কাটাকাটি—
চাওনি তবু ছেড়ে সব অধিকার,
শ্মশানে বেঁধেছো মন তীব্র অভিমানে।
এমনটি তো হতে পারে কখনো!

হয়তো দেখলে তুমি এ জীবনে কিছু দেখা
বোকা বোকা, সব ফাঁকা—সত্যি তা নয়।
মনে মনে গড়ে গল্প, ভেঙে গেল যে গড়,
তার বুকে লেখা রইল একটি ফলক—
“যে কথা বললে হয়তো ভাঙত সব ভুল,
ভুলেও যেন সে ভুল আর না হয়।”

এমনও তো হতে পারে কখনো—
তুমি আর আমি আবার ফিরে এলাম,
মাঝখানে একযুগ সময়ের স্রোত।
ঝড় আর বৃষ্টিতে চৌমাথার মোড়,
হাটে-ঘাটে, মাঠে, বাসস্ট্যান্ডের ধারে—
খুঁজছি দুজন দুজনকে, কানাগলির ভিড়ে।

হয়তো পালিয়ে ছিলাম—তুমি কিংবা আমি,
বুদ্ধির দোষে, কিংবা হারিয়ে গিয়ে—
তুমি আর আমি, মাঝে সূক্ষ্ম ভালোবাসা,
হাত দুটো বাড়িয়ে ছুঁতে পারি না।

এমনটি তো হতে পারে যখন-তখন,
হতেই পারে!
তখন কী হবে—
ভেবেছো তুমি একবার?

Comments