আমি চাইনা ঢাউস সাইজের বাড়ি
একটা গাড়ি, তাতে ধোপদুরস্ত ড্রাইভার
লাঞ্চে ডিনারে বিদেশি সব খাবার
আর পুল থেকে উঠে যখন চুলে টাওয়াল
অনেকগুলো অবাক মুগ্ধ চোখ - আমি চাইনা।
আমি চাই তোমার পাশে ছায়ার মত থাকতে।
ফ্লাড লাইটের আলোয় যখন তোমার উজ্জ্বল মুখ
তোমার ঠোঁটে তৃপ্ত হাসি, আমি দেখতে ভালবাসি
শাড়ি, বাড়ি, গয়নাতে আমার একটুও নেই লোভ !
আমি চাইনা সারাদিন গায়ে সেঁটে থাকো
তুমি তোমার মতো বাঁচো এটাই আমি চাই
ভালবাসি বললেই কি ভালবাসা হয় !
আপস করা জীবন পথে পালিশ করা শব্দ
আমি চাইনা সারাদিন হিসাব তুলে ধরো
ভালবাসা চাঁদের আলো আবার পদ্মপাতায় জল
বলতে হয় না দেখতে পারো, আবার ভীষণ টলমল
অভিমানে ছলকে যেতেই পারে -
আমি চাই দিনান্তে যখন কাছে বসবো আমি
আমায় যেন বলতে হয়না কিছু
বসলে পাশে বুঝতে পারি, অঢেল ভালবাসো
লোক দেখানো নয়, আমায় তুমি সত্যি ভালবাসো ।
Comments
Post a Comment