কাল রাতদুপুরে নদীটার দুঃখ উঠলো জেগে
তাঁকে যে ভালোবাসতো, ডাকাবুকো সেই পাহাড়
তার ঘন সবুজ বাহার ছেড়ে হঠাৎ করে
নোটিশ ছাড়াই হারিয়ে গেছে কালো মেঘের ভিড়ে ।
যে গাছটি সাক্ষী ছিল তাদের ভালোবাসার -
যে পাথর "গতর" নাড়ায় না, বুড়ো শিবের মতো -
প্রতিদিন সময়ে অসময়ে রমণ দেখতো ওদের
কাল কাকভোরে তাদের অগস্ত্য যাত্রা হলো,
দূর্যোগ কারণে
সেই থেকে নদীটার মন ভালো নেই !
মন ভালো নেই "কুঞ্জলতা"-য় দ্বিতল বাসী মানিনীরও
অধরে অস্ফুট কান্না, চোখে চোরা জল -
কাল ভরদুপুরেই ব্যাঙ্ক ফেরৎ সেই যে দোর টেনেছে ঘরে,
এখন দ্বিপ্রহর !
নাওয়া নেই, খাওয়া নেই, শত ডাকে সাড়া নেই
এক আকাশ অভিমানে বুকে চাপ চাপ রক্ত -
মুখচোরা বৃষ্টির মতো ক্ষত জুড়ে ঝরছেই অবিরাম !
ক্ষতগুলো উসকে দেয় হতচ্ছাড়া চোরা কাঁটা স্মৃতি
মন ঘোলা করা কলতলা -কাজিয়া আর
অর্থহীন প্রত্যাশার প্রত্যয়হীন পারদ !
কাল থেকে মন ভালো নেই কারো -
চপলা নদী আর অভিমানী মানিনী -- উভয়েরই!
Comments
Post a Comment